হঠাত্ দেখি ফুটপাত ফাঁকা। হকার, অবৈধ ও ভাসমান দোকান সব তুলে দেওয়া হয়েছে। রাস্তায় হেঁটে খুব আরাম। ভিড় নেই কারো সঙ্গে ধাক্কা লাগে না। কিন্তু ২-৩ দিন পরই দেখি ফুটপাত ভরে গেছে হকারে! প্রায় প্রতিদিনই আমি ফুটপাত দিয়ে হেঁটে নীলক্ষেত-নিউমার্কেট যাওয়া-আসা করি। ঢাকার ফুটপাতে হাঁটা অনেক কষ্টকর। যে ফুটপাত দিয়ে শুধু মানুষ চলার কথা, সেই ফুটপাতে অবৈধভাবে হকাররা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে। যার ফলে চলার রাস্তাটুকু সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ রাস্তায় চলতে গেলে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি হবেই। সেজন্য অফিস ফেরত লোকটা হয়তো বাসায় গিয়ে সন্তান, স্ত্রী বা কাজের মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। অফিসের বস হয়তো তাঁর কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করছেন। এবং এই বিষয়টি অনেক ক্ষেত্রেই মানুষের ব্যক্তি ও জাতীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। পরিশেষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, নীলক্ষেত, নিউমার্কেট এলাকার অবৈধ হকারদের ফুটপাত থেকে স্থায়ীভাবে তুলে দিয়ে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করুন। শুধু লোকদেখানোর উদ্দেশ্যে ফুটপাত ফাঁকা করা থেকে বিরত থাকুন।
সারোয়ার মারুফ
শিক্ষার্থী, চতুর্থ বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়