অবকাঠামো নির্মাণে উচ্চ ব্যয় দীর্ঘসূত্রতা এবং দক্ষতায় চ্যালেঞ্জ রয়েছে : এআইআইবি

বাংলাদেশে অবকাঠামো খাতে বড় বিনিয়োগ হচ্ছে। সরকার এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। এরপরেও অবকাঠামো নির্মাণে উচ্চ ব্যয়, দীর্ঘসূত্রতা এবং দক্ষতায় চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। চলতি বছর নির্মাণ সামগ্রীর দর বৃদ্ধি না পেলেও টাকার অবমূল্যায়নের কারণে অবকাঠামো নির্মাণে খরচ বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশসহ এশিয়া জুড়ে অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করছে এই সংস্থা। চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি প্রকাশিত ‘এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ২০১৯’ শীর্ষক এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এআইআইবি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অগ্রাধিকার দেয়। চলতি অর্থবছরের বাজেটে বাংলাদেশে ৯টি মেগা প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ রয়েছে। ২০.৬ বিলিয়ন ডলারের উন্নয়ন বাজেটে ২৬.৩ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতে, বিদ্যুতে ১৩.৩ ভাগ। মোট দেশজ উত্পাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবকাঠামো খাতে বিনিয়োগও বাড়ছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়লেও এদেশে নির্মাণ খরচ তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় বেশি। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরচও বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে শিল্পপণ্যের কাঁচামালের দর এবছর স্থিতিশীল থাকবে। তবে টাকার দরপতন হলে নির্মাণ খরচ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এআইআইবি মনে করছে, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এবং বিদ্যমান অর্থনৈতিক উন্নয়ন ধারায় অবকাঠামো খাতের ঘাটতি মোকাবিলার এখনই সুযোগ। এআইআইবি বর্তমানে পরিবহন, জ্বালানি এবং পানি উন্নয়ন খাতে বেশ কয়েকটি প্রকল্প পর্যলোচনা করছে।