‘চোখের সামনে ভাগ হয়ে যাচ্ছে ইউরোপ’

ইউরোপে জনতুষ্টিবাদের উত্থানের বিষয়ে সতর্ক করে ২১টি দেশের ৩০ জন নোবেলজয়ী লেখক, ইতিহাসবিদ ও বুদ্ধিজীবী এক যৌথ বিবৃতিতে বলেছেন, চিন্তার ধারক ইউরোপ আমাদের চোখের সামনে ভাগ হয়ে যাচ্ছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ইউরোপে উদারবাদী মূল্যবোধ ১৯৩০-এর দশকের পর থেকে এবার সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাজ্য ব্রেক্সিটের দিকে এগিয়ে যাওয়ায় এবং ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় নির্বাচনে জাতীয়তাবাদীদের উত্থানের কারণে এ চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

এ বছর ২৯ মার্চ ব্রেক্সিট (ইউ-রোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসা) সম্পন্ন হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। আর আগামী ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় নির্বাচন। ইউরোপ সংশ্লিষ্ট বড় এ দুই ঘটনাকে সামনে রেখে এ বিবৃতি দেওয়া হয়েছে। সমকালীন ফরাসি দার্শনিক বার্নার্ড হেনরি লেভি ৮০০ শব্দের এ বিবৃতির খসড়া তৈরি করেন। এতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন— ঔপন্যাসিক ইয়ান ম্যাকওয়ান ও সালমান রুশদি, ইতিহাসবিদ সাইমন শামা এবং নোবেল পুরস্কারজয়ী সভেতলানা অ্যালেক্সিভিচ, হেরটা মুলার, ওরহান পামুক ও এলফ্রিডে জেলিনেক।

জনতুষ্টিবাদ নিয়ে সতর্ক করে বিবৃতিতে আরও বলা হয়েছে, এখন আমাদেরকে অবশ্যই ইউরোপ হতে হবে নয়তো জনতুষ্টিবাদের জোয়ারে ভেসে যেতে হবে। আমাদের অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যমূলকতাকে পুনর্বিবেচনা করতে হবে; নয়তো এর অসন্তোষ, বিদ্বেষ গ্রহণ করতে হবে এবং এগুলোর কষ্টের ছায়া আমাদের ঘিরে ধরবে। সালমান রুশদি গার্ডিয়ানকে বলেন, গত ৭০ বছরের যে-কোনোও সময়ের চেয়ে ইউরোপ এখন সবচেয়ে বেশি বিপদে আছে। আর কেউ যদি সে ধারণায় বিশ্বাসী হয়, তবে রুখে দাঁড়ানোর এখনই সময়।

এ বিবৃতির সূত্র ধরে ওরহান পামুক বলেন, ইউরোপের ধারণা অ-পশ্চিমা দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। আমি বিশ্বের যে অংশে বাস করি সেখানে ইউরোপের ধারণা ব্যতীত স্বাধীনতা, নারী অধিকার, গণতন্ত্র ও সাম্যের সুরক্ষা দেওয়াটা কঠিন। ইউরোপের ঐতিহাসিক সফলতার মধ্য দিয়ে এসব চিন্তাধারা ও মূল্যবোধের সুরক্ষা দেওয়ার কাজ সহজ হয়েছে। আর বিশ্বজুড়ে মানবতার ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ।