জিবুতির উপকূলে দুটি নৌকা ডুবে নিখোঁজ অন্তত ১৩০

জিবুতির উপকূলে উত্তাল সাগরে অতিরিক্ত যাত্রী বোঝাই দুটি নৌকা ডুবে যাওয়ার পর থেকে ১৩০ জনেরও বেশি আফ্রিকান অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

আইওএমের মুখপাত্র জোয়েল মিলম্যান জানিয়েছেন, নৌকা দুটি ইয়েমেনের দিকে যাচ্ছিল। জিবুতির ওবোক অঞ্চলের গোদোরিয়ার উপকূলে নৌকা দুটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল দুই অভিবাসন প্রত্যাশীকে জীবিত অবস্থায় ও আরও পাঁচজনের লাশ উদ্ধার করেছে।

আইওএমের কর্মীরা ১৮ বছর বয়সী জীবিত এক তরুণকে শনাক্ত করেছেন যিনি প্রথম নৌকার ১৩০ জন যাত্রীর মধ্যে ছিলেন কিন্তু তিনি দ্বিতীয় নৌকার বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি বলে জানিয়েছে আইওএম। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী আফ্রিকানরা ওই দেশগুলোতে যাওয়ার জন্য ইয়েমেনকে ‘প্রবেশপথ’ হিসেবে ব্যবহার করে থাকে।