২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতে অনুমতি দিল না ভারতের হাইকোর্ট

বেলেঘাটার বাসিন্দা ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাত করানোর অনুমতি দিল না ভারতের কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী মঙ্গলবার জানিয়েছেন, বর্তমানে মহিলার গর্ভধারণের তৃতীয় ও শেষ পর্যায় চলছে। গর্ভস্থ ভ্রূণের হাত, পা, পায়ের পাতা ও মাথা আকার নিয়ে ফেলেছে। ভ্রূণটি জীবন্ত। এই অবস্থায় মায়ের প্রতি সহানুভূতি জানিয়েও ভ্রূণটির বাঁচার অধিকার কেড়ে নেওয়া যায় না। খবর আনন্দবাজার পত্রিকা

চলতি মাসের গোড়ায় ওই মহিলা জানতে পারেন, তার গর্ভস্থ ভ্রূণটির জটিলতা রয়েছে। শিশুটি ভূমিষ্ঠ হবে ‘ডাউন সিন্ড্রোম’ নিয়ে। গর্ভধারণের ২৫ সপ্তাহের মাথায় তিনি গর্ভপাতের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তার আইনজীবী কল্লোল বসু ও অপলক বসু জানান, নিয়ম অনুযায়ী ভ্রূণের কোনও জটিলতা থাকলে ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করিয়ে নেওয়া যায়। সেই সময় পেরিয়ে যাওয়ায় আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন ওই মহিলা।

পরে চিকিত্সকদের কথা শুনে বিচারপতি আইনজীবীদের নির্দেশ দেন যে, মেডিক্যাল বোর্ডের বক্তব্য অন্তঃসত্ত্বাকে ভালো করে বোঝাতে। এ দিন আইনজীবী কল্লোলবাবু আদালতে জানান, শিশুটিকে যথাযথ পরিচর্যা দেওয়ার আর্থিক সঙ্গতি পরিবারটির নেই। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বলেন, মহিলার আরও আগে আদালতে আসা উচিত ছিল। এর আগে হাইকোর্ট যাকে গর্ভপাত করানোর অনুমতি দিয়েছিল, সেই মহিলার গর্ভস্থ ভ্রূণটি ছিল মুমূর্ষু। এ ক্ষেত্রে ভ্রূণটি মুমূর্ষু নয়।