আশা ছাড়েনি ঢাকা

দুই দলের জন্যই ম্যাচটা ছিল অনেকটা বাঁচা-মরার লড়াই। কারণ দুই দলই জয়বিহীন ছিল পরপর তিন ম্যাচ। তাই জয়ের জন্য উন্মুখ ছিল দুই পক্ষই। সুপার ফোর নিশ্চিত করার ক্ষেত্রেও উভয়ের জন্য জয় পাওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। তবে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের শক্তি পরীক্ষায় শেষ হাসি হেসেছে স্বাগতিক দল। আর টানা চার পরাজয়ের খেসারত হিসেবে সেরা চারে স্থান পাওয়ার প্রতীক্ষা আরো দীর্ঘায়িত হলো সাকিব বাহিনীর। তবে এমন অনিশ্চয়তার মধ্যেও আশা হারাতে চান না দলের দক্ষিণ আফ্রিকান রিক্রুট এন্ড্রু বার্চ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বার্চ বলেন, ‘আমাদের এখনো দু’টি ম্যাচ বাকি ঢাকায়। আশা করছি, ওই দুই ম্যাচে ভালো করবো।  সুপার ফোরেও খেলবো।’ গতকালের ম্যাচে পরাজয়ে কারণ প্রসঙ্গে বার্চ বলেন ‘তাড়া করে জেতার মতো টার্গেট ছিল আমাদের সামনে। উইকেটও ভালো। ম্যাচটা জেতার মতো ছিল। কিন্তু শুরুতে কিছুটা ভুল হয়েছে। বাউন্সের কারণে প্রথম দিকে রান কিছু কম এসেছে।’

ভালো শুরু করেও পর পর চারটা ম্যাচ হারলেন। কারণ কি ? জবাবে বার্চ বলেন, ‘যে ম্যাচগুলো হেরেছি, সেগুলোতে জেতার সুযোগ ছিল। কিন্তু শেষটা ভালো না হওয়ায় জয় আসেনি। মোমেন্টাম আমাদের পক্ষে ছিল না। সেজন্য কিছু ম্যাচ হারতে হয়েছে। এখন আমাদের সামনে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল ঢাকায় জয়ে ফেরা। ওখানে আমাদের নিজেদের দর্শক আছে। আমি নিশ্চিত, আমরা সেখানে আরও ভালো করবো।’

একসময় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ঢাকা ডায়নামাইটস। এরপর ধারাবাহিক পরাজয়। অতি আত্মবিশ্বাস কাল হয়ে দাঁড়ালো কি না জানতে চাইলে বার্চ বলেন, ‘না তেমনটা নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ যেকোনো সময় যেকোনো দিকে পরিবর্তিত হতে পারে। যে কোনো একজন ম্যাচ পরিবর্তন করে দিতে পারে। আমরা আসলে কিছুটা আনলাকি ছিলাম। তো এ অবস্থা থাকবে না। ঢাকায় আমাদের দল সুসংগঠিত হবে।’