মোহামেডানের টানা হার

ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে মোহামেডানকে হারিয়ে পেশাদার ফুটবল লিগে প্রথম জয়ের দেখা পেল। অপরদিকে এটি টানা দ্বিতীয় হার মোহামেডানের। 

আগের খেলায় শেখ রাসেলের কাছে হারের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল ব্রাদার্সকে  মহামূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছেন মধ্য আমেরিকার দেশ পানামার ফুটবলার জ্যাক ড্যানিয়েলস মেজা আগুলার। তিনি ৫১ মিনিটে বক্সের অনেক দূর থেকে অসাধারণ একশটে গোলটি করেন। গোলটা যেন গ্যালারিতে থাকা মোহামেডানের গুটি কয়েক দর্শকের বুক ভেদ করে যায়। দর্শকরা খেলা শেষে ডাগআউটে বসা মোহামেডান কর্মকর্তাদের নাম ধরে ধরে গালমন্দও করছিলেন। ভাগ্য ভালো, আগের সেই দর্শকরা নেই। তারা থাকলে এমন হারের পর মোহামেডান খেলোয়াড়দের স্টেডিয়াম থেকে বের হওয়া কঠিন হতো।

মোহামেডান যে খারাপ খেলেছে তা নয়। কোচ আলী আজগর নাসির বলছিলেন, ‘একটা গোল খেতেই পারি। সাতটা গোল করা উচিত ছিল।’ কোচের কথায় যুক্তি আছে। মোহামেডান স্রোতের বিপরীতে গোল হজম করেছিল। ২৪ বছর বয়সী জ্যাক কানাডা, সালভাদরে খেলেছেন। ব্রাদার্সের কোচ সৈয়দ নাইমুদ্দিন বলছিলেন, ‘ছেলেটা খুব সাহস করে মেরেছিল বলে গোল হয়েছে।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল গোলের সুযোগ নষ্ট করেছেন মোহামেডানের অধিনায়ক নাইজেরিয়ান একোচা কিংসলে চিগোজি। গোল মিস করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিং ডারবো। ল্যান্ডিংকে ক্ষমা করছেন কোচ নাসির। কারণ তিনি তিনদিন অনুশীলনে ছিলেন না। যদিও ল্যান্ডিং ব্রাদার্সের গোলকিপার সুজন চৌধুরীকে একা পেয়েও গোল করতে পারেননি।

বিপিএলে মোহামেডান প্রথম খেলায় বিজেএমসিকে হারালেও দ্বিতীয় খেলায় আরামবাগের কাছে বিধ্বস্ত হয়। জয়ে ফেরার অভিযানে নেমে এদিন শুরু থেকেই মোহামেডান যেভাবে সুযোগ আদায় করছিল তা দেখে দর্শকও আশায় ছিল যে কোনো মুহূর্তে গোল হবে বলে। কিংসলে প্রতিবারই ব্যর্থ হয়েছেন। মোহামেডানের সমস্যা হয়েছিল জাপানিজ ফুটবলার উইরি নাগাতা ব্যথা পেয়ে দখলে থাকা মাঝমাঠ ছাড়ায়। জায়গা ফাঁকা পেয়ে সুযোগ নেয় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে মোহামেডান। তারপরও মোহামেডান হতাশ না হয়ে ব্রাদার্সের উপর মরণ কামড় দেয়। কিন্তু  ব্রাদার্স যতটা কোণঠাসা, ঠিক ততটাই নিশানাহীন মোহামেডান। ৭৪ মিনিটে মোহামেডান কোচ এমিলিকে নামালেও তিনি আর বল পাননি। ভারী শরীরে পারফরম্যান্সহীন এমিলির কারণে মোহামেডান যেন ১০ জনের দলে পরিণত। দারুণ খেলে ব্রাদার্সকে জয়ের পথে ধরে রেখেছিলেন গোলকিপার সুজন। শেখ রাসেলের বিপক্ষে ক্যারিয়ারে অস্তগামী গোলকিপার বিপ্লবকে নামিয়ে দুই গোল হজম করে খেসারত দিয়েছিল ব্রাদার্স। কাল সেই ভুল করেনি দলটির কোচ নাইমুদ্দিন।

আজ ও কাল খেলা নেই।