নীলফামারীতে বসুন্ধরার জয় অব্যাহত

বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ভেন্যুতে দ্বিতীয় খেলাতেও জয় পেয়েছে। পেশাদার ফুটবল লিগে দুই নবাগতর এ লড়াইয়ে গতকাল স্বাগতিকরা ২-০ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

বসুন্ধরা কিংস নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামকে ‘হোম ভেন্যু’ হিসেবে বেছে নিয়েছে। এদিন বিকালে খেলাটি শুরু হলে ২২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মতিন মিয়া। এরপর ৮৪ মিনিটে ইমন মাহমুদ নোফেল স্পোর্টিংয়ের জালে বল পাঠিয়ে দিয়ে বসুন্ধরার জয় নিশ্চিত করেন। এর আগে ২৩ জানুয়ারি এই ভেন্যুতে নিজেদের প্রথম খেলায় আবাহনী লিমিটেডকে ৩-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস।