সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাঁশের তৈরি ব্যাট বেশ সাড়া ফেলেছে ক্রিকেটাঙ্গনে। বাঁশের তৈরি এ ব্যাট আইন অনুযায়ী নিষিদ্ধ বলে জানিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি (মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব)।
কাঠের পরিবর্তে বাঁশ দিয়ে তৈরি করা ব্যাটের ধারণাকে সমর্থন করেনি এমসিসি। সংস্থাটি বলেছে, বর্তমান আইন অনুযায়ী বাঁশের তৈরি ব্যাট ‘অবৈধ’। আইন অনুযায়ী ব্যাট কেবল মাত্র কাঠ দিয়েই তৈরি হতে পারে এবং পেশাদার ক্রিকেটে উইলো বা কাঠ ছাড়া অন্য উপাদান দিয়ে তৈরি সব ধরনের ব্যাট নিষিদ্ধ।
তবে এমসিসি এ ধরনের পরীক্ষাকে স্বাগত জানিয়েছে। এমসিসির বিবৃতিতে বলা হয়েছে, আইন সংশোধন ছাড়া বাঁশের ব্যাট অনুমোদন পাবে না। অবশ্য আইন সংশোধনের পক্ষেও নিজেদের অবস্থান জোরালো করেনি তারা। সংস্থার পরবর্তী আইন বিষয়ক সভায় বিষয়টি আলোচনা করা হবে।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, উইলো বা কাঠের ব্যাটের চেয়ে বাঁশের তৈরি ব্যাট বেশ কার্যকর এবং টেকসই। ইংলিশ পত্রিকা গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে গবেষক দলের সদস্য দার্শিল শাহ বলেছেন, ‘উইলোর তৈরি ব্যাট থেকে বাঁশের তৈরি ব্যাটগুলো বেশ শক্ত এবং শক্তিশালী।’ ব্যাটটি বেশ ভারী, ক্রিকেটারদের ব্যবহার উপযোগী করে তুলতে কাজ করছেন গবেষকরা। এর মাধ্যমে ব্যাট উৎপাদনের খরচ কমে আসবে বলে ধারণা করছেন তারা।
ইত্তেফাক/এসআই