চাটখিলে মাঠে আওয়ামী লীগ অন্য দলগুলো প্রায় নিষ্ক্রিয়!

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাটখিলে মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল প্রায় নিষ্ক্রিয় রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এখানে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন দলীয় মনোনয়ন চেয়েছেন। বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একটিভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবির এবারও মনোনয়ন প্রত্যাশী। তাছাড়া চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সহ-সভাপতি হারুন অর রশিদ কোং, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহম্মেদ চৌধুরী, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা হুমায়ুন কবির মিঠু। চেয়ারম্যান মনোনয়ন পদে প্রত্যাশীদের ধারণা স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম যাকে চাইবেন তিনিই মনোনয়ন পাবেন।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এইচএম ইব্রাহিম এমপি জানান, মনোনয়ন প্রত্যাশীরা দলের কাছে মনোনয়ন চেয়েছেন। সকল প্রার্থীই যোগ্য। তিনি কাউকে সমর্থন দেবেন না। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যাকে চাইবেন এবং দলের কেন্দ্রীয় কমিটি যার মনোনয়ন চূড়ান্ত করবেন তিনি হবেন আওয়ামী লীগ মনোনীত দলীয় একমাত্র প্রার্থী। মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির জানান, তিনি তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছেন। কোনো প্রকার দুর্নীতি ও অনিয়ম করেননি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখেছেন। দলের তৃণমূলের নেতা-কর্মী হাই কমান্ডের প্রতি আস্থাশীল। তাছাড়া এখানে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ইভু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, মীর হোসেন, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাদ্দাম ও সাবেক ছাত্রলীগ নেতা শামছু তফাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোজী শাহিন, মেরি আক্তার ও পান্না আক্তার।

মনোনয়ন প্রত্যাশীরা উপজেলা ও প্রত্যন্ত এলাকায় পোস্টার ও ব্যানার টানিয়ে ছেয়ে ফেলেছেন। তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন।