মাগুরায় এক তরুণীকে ধর্ষণের দায়ে মাসুদ মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) প্রণয় কুমার দাস প্রদত্ত বুধবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মাসুদ মোল্লা মাগুরার মহম্মদপুর উপজেলার হরিনাডাঙ্গা গ্রামের সিরাজ মোল্লার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১০ সালের ১০ অক্টোবর রাত ১১টার দিকে আসামি মাসুদ মোল্লা ভিকটিমের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে ধর্ষণ করলে তিনি গর্ভবতী হন। এবং পরবর্তীতে একটি পুত্র সন্তান জন্ম দেন। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা করলে পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট আবু বক্কর জানান, আদালত ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন। পুত্র সন্তনের পিতৃপরিচয় হবে মাসুদ মোল্লার পরিচয়ে।