রাজশাহীর পবায় শিশু নির্যাতন মামলার বাদীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমরান আলীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৫টি ছাগল, ২৫টি হাঁস ও মুরগি পুড়ে মারা গেছে। ছাগল উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক ইমরান। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
ইমরান আলীর অভিযোগ, ২০১৫ সালে তার শিশু পুত্র জাহিদ হাসানকে চুরির অপবাদ দিয়ে একই এলাকার ১৩জন মিলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। এ নিয়ে ওই সময় মিডিয়ায় ঘটনাটি ব্যাপক লেখালেখি হয়। পরে শিশু জাহিদকে নির্যাতনের অভিযোগে ইমরান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পবা থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। কিন্তু মামলাটি তুলে নিতে আসামিরা তাকে চাপ দিয়ে আসছিল। বিভিন্ন ভাবে হুমকি ধামকিও দিচ্ছিল তারা।
আগুনে আহত ইমরান বলেন, মামলা তুলে না নেয়ায় মঙ্গলবার রাতে আসামিরা আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে সপরিবারকে হত্যার চেষ্টা করে। তবে আমরা প্রাণে বাঁচলেও পুড়ে গেছে তার ছাগল ও হাঁস-মুরগি।
পবা থানার ওসি রেজাউল হাসান বলেন, আগুনে বাড়ির মালিক ইমরান দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।