মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহরে জনতা খেলনা পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে হচ্ছে বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের লালমিয়ার ছেলে গিয়াস উদ্দিন।
জানা গেছে, উপজেলার ধুলাউড়ি গ্রামের মৃত ইবাদ সরকারের ছেলে হাবিব ওইদিন পাবনা থেকে বেলাল হোসেনের সিএনজিযোগে চাটমোহরে আসছিলেন। এ সময় একই সিএনজির যাত্রী গিয়াস একটি খেলনা পিস্তল বের করে হাবিবের কাছ থেকে একটি মোবাইল ফোন সেট ও ২’শ টাকা ছিনিয়ে নেয়। সিএনজি চাটমোহর স্টার মোড়ে এলে দু’জনই সিএনজি থেকে নেমে পড়ে। হাবিব বিষয়টি আশ-পাশের লোকজনকে জানালে গিয়াসকে তাড়া করে। পরে পুরাতন বাজারের মাছ বাজারে জনতা গিয়াসকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।