বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, ‘উন্নয়নের মাপকাঠি হিসেবে শুধু জিডিপি নয় আরো অনেক ইনডেক্স ব্যবহার হয়। অর্থনীতি বহুমাত্রিক হওয়ার কারণে এর প্রতিনিয়ত নতুন নতুন মাপকাঠি বের হচ্ছে।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘অর্থনৈতিক ন্যায়বিচার ও নৈতিকতার দৃষ্টিকোণে বাংলাদেশের উন্নয়ন’ বিষয়ক দুইদিনব্যাপী জাতীয় সম্মেলন শুরুর প্রথম দিনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে অর্থনীতি বিভাগের আয়োজনে এ সম্মেলনের উদ্বোধন করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি বলেন, ‘অর্থনীতির নৈতিক ভিত্তিগুলো সচল রাখার মাধ্যমে কীভাবে সমাজ তার মূল্যকে উন্নত করতে পারে নৈতিক অর্থনীতি আমাদের সে শিক্ষাই দেয়।’
দু’দিনব্যাপী এ জাতীয় সম্মেলনের বিভিন্ন সেশন পরিচালনা করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসাইন জিল্লুর রহমান, ড. ইসমাইল হোসাইন, ড. বিনায়েক সেন, ড. এনামুল হক। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আব্দুল মুনিম জোদ্দারসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।