বাংলাদেশের প্রথম সারির একজন গল্পকার সৈয়দ মনজুরুল ইসলাম। নন্দিত এ কথাশিল্পীর নতুন গল্পগ্রন্থ ‘কয়লাতলা ও অন্যান্য গল্প’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। এটি দশটি গল্পের সংকলন, যে গল্পগুলোতে ব্যক্তি, সমাজ ও জনজীবনের নানা সমস্যা, টানাপোড়েন আর প্রেম-ভালোবাসার চালচিত্র কিছু সূক্ষ্ম টানে তিনি ফুটিয়ে তুলেছেন। বর্ণনা আর ভাষার গুণে প্রতিটি গল্প বিশিষ্ট। তাদের ভেতরের কাঠামোতে যেভাবে সময়, স্থান আর পাত্রপাত্রী এক অসম্ভব ভারসাম্যে স্থাপিত, পাঠক শুরুর গল্পটি থেকেই তার সন্ধান পান। অনেক অসম্ভব ঢুকে পড়ে সম্ভবের ঘরে, অনেক সম্ভব হয়ে ওঠে অবিশ্বাস্য। বাস্তবতা আর মায়ার এক আশ্চর্য মিশ্রণ গল্পগুলিকে সপ্রাণ আর মনোগ্রাহী করে তোলে। এই গল্পগ্রন্থটির প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হলো গতকাল। বুধবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। গ্রন্থ বিষয়ে আলোচনা করেন গবেষক-প্রাবন্ধিক মফিদুল হক, কথাশিল্পী ইমদাদুল হক মিলন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ। স্বাগত বক্তব্য প্রদান করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তাবারক হোসেন ভূঁঞা।