সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন না করে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে ঘোষিত তফসিলের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টে এ রিটের উপর শুনানি হতে পারে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ইতিপূর্বে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের প্রেক্ষিতে সিটি নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। কিন্তু রিট আবেদনকারী মামলা না চালানোয় আবেদন খারিজ হয়ে যায়। তবে ওই জটিলতা নিরসনের বিষয়ে হাইকোর্টের কোনো আদেশ নেই। সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন না করেই আবারো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যা আইন পরিপন্থী। রিটে আরো বলা হয়, সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের মেয়াদ হবে পাঁচ বছর। সেখানে অবশিষ্ট মেয়াদের জন্য উপ-নির্বাচনের কোনো বিধান নেই। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ গতকাল হাইকোর্টে এ রিট করেন।