জবিতে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ভবনের ঊর্ধ্বমুখী সমপ্রসারণ কাজে ৭ কোটি টাকার দুর্নীতির বিচার এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং ছাত্র সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বুধবার জবি ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক এম এন জুনায়েদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সভাপতি কিশোর কুমার সরকার, ছাত্র ইউনিয়ন জবি সংসদের সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘নতুন ভবনের উর্ধ্বমুখী কাজে বিশৃঙ্খলা ও অনিয়মের আশ্রয় নিয়ে ‘ভিত্তি দুর্বল’- এই অজুহাত তুলে ভবনের উচ্চতা ২০ তলা থেকে কমিয়ে ১৬ তলা এবং পরে আবার ১৬ তলা থেকে কমিয়ে ১৩ তলা করে প্রশাসন। এই ধারাবাহিক বিশৃঙ্খলার সর্বশেষ প্রকল্পের ‘৭ কোটি টাকা লোপাট’ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। অবিলম্বে এই দুর্নীতির সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে বিচার এবং শাস্তির আওতায় আনার উদ্যোগ নিতে হবে।’