লিটন চৌধুরী সংসদের চিফ হুইপ

একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে আরও ছয়জনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

লিটন চৌধুরী নবম সংসদে সরকারি দলের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। একই সংসদে তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সভাপতি ছিলেন। এছাড়া তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সাধারণ সম্পাদক। উল্লেখ্য, সংসদের চিফ হুইপের পদ পূর্ণ মন্ত্রীর মর্যাদার।

একাদশ সংসদে সরকারি দলের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন   শেরপুর-১ আসন থেকে নির্বাচিত এমপি আতিকুর রহমান আতিক, খুলনা-১ আসনের এমপি পঞ্চানন বিশ্বাস, দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম, গাইবান্ধা-২ থেকে নির্বাচিত মাহবুব আরা বেগম গিনি, চট্টগ্রাম-১২ আসনের এমপি সামশুল হক চৌধুরী ও জয়পুরহাট-২ থেকে নির্বাচিত আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এরমধ্যে আতিক, ইকবাল ও গিনি দশম সংসদেও সরকারি দলের হুইপের দায়িত্বে ছিলেন।