যুক্তরাজ্যের নদীগুলোর মধ্যে মাত্র ১৪ শতাংশ নদীর অবস্থা ভালো। বাকি নদীগুলো ধুঁকছে নানা সমস্যায়। বিশেষ করে নদীর পাড়ের কৃষি জমি থেকে নানাভাবে ক্ষতিকর কাদামাটি এবং জমির উপরের উর্বর অংশ নদীতে এসে পড়ায় নদীর তলদেশ পুরু হয়ে যাচ্ছে। কিন্তু ইউনিভার্সিটি অব ইস্ট এঙ্গলিয়া এন্ড দ্য ওয়েনসাম অ্যালায়েন্সের এক গবেষণায় বলা হয়েছে, নদীর মধ্যে একটি পরিখা তৈরি করে দেওয়া হলে তা নদীর গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইউনিভার্সিটি অব ইস্ট এঙ্গলিয়া এন্ড দ্য ওয়েনসাম অ্যালায়েন্সের একটি দল নরফল্ক এর ব্ল্যাকওয়াটার নদীতে এই ধরনের পরিখা তৈরি করে দেখেছেন, এতে করে নদীর পাড় থেকে যেসব ধুলাবালি কিংবা কাদামাটি পানিতে পড়ে তা তলদেশের পরিবর্তে পরিখার দুই পাশে জমা হয়। ফসলের মাঠের পাশে কোনো নদী থাকলে কৃষকের চাষাবাদের ফলে মাটির উপরের স্তরের উর্বর কাদামাটি পানিতে গিয়ে পড়ে তাও জমা হয় এই পরিখার দুই পাড়ে। এতে করে নদীর তলদেশ পুরু হওয়ার কোনো সুযোগ নেই। আর এই পরিখায় জমা হওয়া মাটি পরবর্তীতে কৃষক চাইলে কেটে নিয়ে পুনরায় কৃষি জমিতে ব্যবহার করতে পারবে। এভাবে জরিপ চালিয়ে তারা দেখতে পেয়েছেন, এভাবে পরিখা তৈরি করলে তা কৃষি জমি থেকে মাটির স্তর কমে যাওয়ার হার শতকরা ৫৮ ভাগ কমিয়ে দিতে পারে।
গবেষকদের মতে, নদীর তলদেশে মাটি জমে পুরু হয়ে গেলে তা মাছের প্রজনন এবং বসবাসের জন্যও বিরূপ প্রভাব ফেলে। কারণ কৃষি কাজে ব্যবহূত ক্ষতিকর সারা-কীটনাশক পানিতে পড়ে পানির ক্ষতি করে। গবেষণা প্রতিষ্ঠান দ্য রিভার্স ট্রাস্টের প্রধান নির্বাহী আরলিন রিকার্ড বলেন, এই পদ্ধতিতে মাটির উপরের স্তুরের ক্ষয়ে যাওয়া, পানি দূষণ এবং বায়ুদূষণও প্রতিরোধ করা সম্ভব। ইকোসিস্টেম এবং জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নদীতে কৃত্রিম উপায়ে তৈরি করা এই পরিখা কৌশল।-বিবিসি