অবিলম্বে নতুন নির্বাচন দিন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। সেখানে জনগণ যেন সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার, ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারকে রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংসদ অধিবেশন বসার   প্রতিবাদে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মির্জা ফখরুল এ সব কথা বলেন।  বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির উদ্যোগে এক ঘন্টার মানববন্ধন হয়। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক লোকে লোকারণ্য হয়ে পড়ে। নেতাকর্মীদের হাতে দলের প্রধান বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবি সংক্রান্ত বিভিন্ন প্লাকার্ড-ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ ছাড়াও একাদশ জাতীয় সংসদ বাতিলের দাবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুনও ছিল।

দেশে দখলদার সরকার প্রতিষ্ঠা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচনই হয়নি। আমরা ওই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। তখনই আমরা নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে পুনর্নির্বাচন দাবি করেছি। আজকে আমরা সেই দাবির পুনরাবৃত্তি করছি।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, প্রায় এক বছর আগে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একইভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। আমরা আজকের কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলের দাবি জানাচ্ছি।

মির্জা ফখরুলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বিলকিস জাহান শিরিন প্রমুখ।

খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকার ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে কারাগারে বন্দি করে রেখেছে। মওদুদ আহমদ বলেন, বর্তমান সংসদ ভেঙে দিয়ে তিন থেকে ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন দিন। একাদশ সংসদ নির্বাচন নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দেন তিনি।

আব্দুল মঈন খান বলেন, একাদশ সংসদে আজকে যারা প্রতিনিধিত্ব করছেন তারা জনগণের প্রতিনিধি নন। তারা হচ্ছেন ভুয়া ভোটের প্রতিনিধি। এবার প্রশাসন ও পুলিশের সহায়তায় শুধু রিগিং নয়, ভোট সন্ত্রাস হয়েছে।