সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় পাঁচ আসামিকে নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন সাজা বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে অপর চার আসামিকে খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আসিফ ইমরান, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, আবু তাহের মো. মর্তুজা এহসান ওরফে অ্যাপোলো বিশ্বাস ও তামজিদ হোসেন বাবু। বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। গৌতম দাস দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান ছিলেন। রায়ে খালাস পাওয়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আসিফ ইমতিয়াজ বুলু, কামরুল ইসলাম আপন, কাজী মুরাদ ও রাজিব হোসেন মনা।
২০০৫ সালের ১৭ নভেম্বর ভোরে চিহ্নিত সন্ত্রাসীরা সমকালের ফরিদপুর ব্যুরো অফিসে ঢুকে সাংবাদিক গৌতমকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করে। ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার ও পুনর্নির্মাণ কাজের অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় আসামিরা ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত করে বলে মামলার অভিযোগে বলা হয়। হত্যাকাণ্ডের পরদিনই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করে। ওই মামলায় ২০১৩ সালের ২৭ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ নয় আসামিকে যাবজ্জীবন সাজা দেয়। সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা।