মোবাইল ফোন থেকেই ট্রেনের আসন বুকিং ও মূল্য পরিশোধ

বাংলাদেশ রেলওয়ের সেবাসমূহ আরও ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হচ্ছে। চালু করা হচ্ছে রেলওয়ের একটি মোবাইল অ্যাপস। আর এটি বাস্তবায়িত হলে একজন সাধারণ নাগরিক হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করেই ট্রেনের আসন বাছাই থেকে শুরু করে আসন বুকিং ও টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি স্টেশন ও ট্রেনের অবস্থান, গন্তব্যের দূরত্ব ও স্থানীয় যানবাহন সেবার সঙ্গে একজন নাগরিক সহজেই যুক্ত হতে পারবেন। এ লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ আয়োজনে গতকাল বুধবার রেল ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং তথ্য ও  যোগাযোগ  প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রেলওয়ের সব সেবাকে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে দ্রুত সময়ে ও সহজে জনগণের হাতে পৌঁছে দেয়ার জন্য সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, সুন্দর, আধুনিক, প্রযুক্তিনির্ভর  দেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। প্রযুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কালোবাজারি রোধসহ যাত্রীদের সার্বিক সেবা  দেয়া সম্ভব। সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ  রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, এটুআই’র প্রকল্প পরিচালক  মোস্তাফিজুর রহমান, দুই মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।