জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে নিউইয়র্কে প্রস্তুতি সভা

দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বক্তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনা করেন। 

সভায় বিএনপি কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা আক্ষেপ করে বলেন, বিএনপির কোটি কোটি সমর্থক থাকার পরও শুধুমাত্র নেতৃত্বের ব্যর্থতায় বেগম খালেদা জিয়া আজ জেলে। তারা বলেন, যুক্তরাষ্ট্রে বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। কিন্তু কোনো বিভেদ নেই। দলের স্বার্থে বার বার প্রমাণ করেছি আমরা ঐক্যবদ্ধ। বরং কেন্দ্রীয় নেতাদের অনেকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটছেন। 
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সারোয়ার খান বাবুর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির এখন দুর্দিন। এই  দুর্দিনে দলকে ফেলে যাবেন না। নেত্রীর মুক্তির জন্য কাজ করুন।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন টেক্সাস বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সদস্য মোহাম্মদ বশির, বিএনপি নেতা ইমরান শাহ রণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, ফোরামের অন্যতম নেতা শাওন বাবলা, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আশরাফ উদ্দিন ঠাকুর, আলাউদ্দিন প্রমুখ। 

এদিকে, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ নামে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। আগামী ৩০ মে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম। তিনি জানান, জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনটি উত্তর আমেরিকার দলনিরপেক্ষ ও সার্বজনীন। 

ইত্তেফাক/কেকে