কালীগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

গাজীপুরের কালীগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে কালীগঞ্জ থানা পুলিশ নিহত ওই দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবরটি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া।

নিহতদের বাড়ি নরসিংদী জেলায় জানা গেলেও তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি থানা পুলিশ। তাদের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর। আটক ডাকাতদের কাছ থেকে ১টি রামদা, ১টি চাপাতি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্তসহ পুলিশ কর্মকর্তাগণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত রাথুরা এলাকার মৃত মাওলানা মাজনুনের স্ত্রী রাবেয়া বেগমের বাড়িতে দরজা ভেঙে ঢুকে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে। পরে  প্রতিবেশী সায়েম আকন্দের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে ডাকাতদল। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে মোবাইল ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানায়। পরে গ্রামবাসী স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে  লোকজন রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। বাকীরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।