নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক সৌদি আরব প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ, মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা রাস্তার মাঝে পুলিশ চেকপোস্ট এলাকার কাছে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা কলাগাছ ফেলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে গাড়ি আটকায়। ডাকাতদের হামলায় সৌদি প্রবাসী তারা মিয়া, তার শিশুপুত্র হামীমসহ ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
সৌদি প্রবাসী আহত তারা মিয়া জানান, গত মঙ্গলবার তিনি গাড়িতে করে সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁও কান্দারগাঁও এলাকায় বাড়িতে ফিরছিলেন। রাত সোয়া তিনটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা রাস্তার মাঝে পুলিশ চেকপোস্ট এলাকা অতিক্রমকালে ৭/৮ জনের মুখোশধারী ডাকাতদল রাস্তার মাঝে কলাগাছ ফেলে গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে থাকা সকলকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ, টাকাসহ মালামাল নিয়ে যায়। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতদল তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, ওই এলাকায় প্রায় সময়ই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে পুলিশ চেক পোস্ট রয়েছে। গত ১ মাসে সেখানে ৫টি ডাকাতির ঘটনা ঘটে। এর আগে সেখানে এক অটোরিকশা চালককে হত্যা করে তার গাড়িটি নিয়ে যায় দুর্বৃত্তরা।