অবশেষে নাম পরিবর্তন হলো আলোচিত দি ফারমার্স ব্যাংক লিমিটেডের। এখন থেকে ব্যাংকটির নাম ‘পদ্মা ব্যাংক লিমিটেড’। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার থেকে ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ করা হলো।
নানা সংকটে পড়ে এ ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা তলানীতে নেমে যায়। পরে ব্যাংকের নতুন ব্যবস্থাপনা আসার পর থেকে আস্থা ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়িয়ে মূলধন ঘাটতি পূরণ এবং তারল্য সংকট দূর করে কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর (নগদ জমা) ও এসএলআর (বিধিবদ্ধ সঞ্চিতির হার) সমন্বয় করার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে ব্যাংকটির রিব্র্যান্ডিংয়েরও উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসাবে গত বছর থেকে নাম পরিবর্তনের কাজ করছে ব্যাংকটি। ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান খসরু ইত্তেফাককে বলেন, এখন আমরা আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচনও করব। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংক হিসাবে পদ্মা ব্যাংককে গড়ে তোলা হবে।
২০১৩ সালের জুনে কার্যক্রম শুরু করার চার বছরের মধ্যে নানা সংকটের কারণে আলোচনায় আসে ব্যাংকটি। আমানতের বিপরীতে ঋণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ভঙ্গ করে। অনিয়মের অভিযোগে কঠোর অবস্থানে যায় কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। পরিবর্তন আসে ব্যবস্থাপনা পরিচালক পদেও। বর্তমানে এ ব্যাংকের শাখা ৫৭টি।