রাজশাহীর জয়ে সিলেটের স্বপ্ন শেষ

নিকোলাস পুরান অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে সিলেটকে স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু স্বপ্নটা শেষ করে দিলেন লরি ইভান্স। রাজশাহী কিংস তার ব্যাটে ভর করে পেল ৫ উইকেটের জয়। এই জয়ে এখনও সেরা চারে খেলার স্বপ্ন টিকে রইল রাজশাহীর। বিপরীতে এই পরাজয় সেরা চারে ওঠার লড়াই থেকে ছিটকে দিল সিলেটকে।

আগে ব্যাট করা সিলেট সিক্সার্স ৫ উইকেটে ১৮৯ রান করেছিল। জবাবে ২ ওভার ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

ব্যাট হাতে সিলেটের শুরুটা মন্দ ছিল না। লিটন দাস ১০ রান ও জেসন রয় ১৩ রান করে আউট হয়ে যাওয়ার পর আফিফ হোসেন ধ্রুব ও সাব্বির রহমান রুম্মন দলকে বড় রানের স্বপ্ন দেখান। আফিফ ২৫ বলে ২৯ ও সাব্বির ৩৯ বলে ৪৫ রান করে ফেরেন। তবে এরপর আসল কাজটা করেন পুরান।

৩১ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন পুরান। আর তাতে ভর করেই বড় স্কোর পায় সিলেট।

জবাব দিতে নেমে দ্রুতই বিপদে পড়ে রাজশাহী। জাকির ৭ রান করে ও শাহরিয়ার নাফীস ৯ রান করে ফিরে আসেন। আর এরপর প্রথমে চার্লসকে নিয়ে এবং পরে টেন ডেশকাটকে নিয়ে দুটি জুটি করে দলকে টেনে তোলেন ইভান্স। চার্লস ২৬ বলে ৩৯ রান করে ফেরেন। আর টেন ডেশকাট ১৮ বলে করেন ৪২। ইভান্স আউট হওয়ার আগে ৩৬ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৭৬ রান করে যান। তিনিও জয়টা নিশ্চিত করে যান।