আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দোকান ও কলোনিতে আগুন

সাভার উপজেলার আশুলিয়ায় একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে দোকান সংলগ্ন একটি শ্রমিক কলোনিরও বেশ কয়েকটি ঘর ও মালামাল পুড়ে গেছে। গতকাল বুধবার আশুলিয়া থানার বিপরীতে কফিল উদ্দিন মুন্সির মার্কেটের ফারুক ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেটের দোকানিরা জানায়, ওই দোকানটিতে টিভি-ফ্রিজ মেরামতের পাশাপাশি গ্যাস সিলিন্ডার বিক্রী করা হতো। বিকেল পাঁচ টার দিকে হঠাত্ দোকানের পেছনে বিকট শব্দ হয়। পর পর কয়েকটি শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় পুরো দোকানে। দোকানটির পেছনেই একটি শ্রমিক কলোনি রয়েছে। আগুনে ওই শ্রমিক কলোনির বেশ কয়েকটি ঘর এবং দোকান পুড়ে গেছে। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার  সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ড ঘটেছে।