লোক নাট্যদল এর নতুন নাটক বুদ্ধদেব বসু’র গল্প অবলম্বনে ‘আমরা তিনজন’। নাটকটি নির্দেশনা দিচ্ছেন লোক নাট্যদল’র অধিকর্তা নাট্যজন লিয়াকত আলী লাকী। গতকাল বুধবার শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটির প্রথম পরীক্ষামূলক মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আগামী মার্চে এ নাটকটি মঞ্চে আসবে। লোক নাট্যদল এর আগেও বুদ্ধদেব বসু’র অন্যতম মৌলিক নাটক ‘তপস্বী ও তরঙ্গিনী’ মঞ্চে এনেছিল এবং প্রায় অর্ধ শতাধিক প্রদর্শনী করেছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- লিয়াকত আলী লাকী, মাস্উদ সুমন, ফজলুল হক, আজিজুর রহমান সুজন, অনন্যা নীশি, স্বদেশ রঞ্জন দাস গুপ্ত, সোনিয়া আক্তার, জিয়া উদ্দিন শিপন, শিশির কুমার রায় প্রমুখ।
গল্পটি ১৯২৭ সালের ঢাকার পুরানা পল্টনকে ঘিরে। বিকাশ, অসিত এবং হিতাংশু তিনবন্ধু। তিন বন্ধু একে অপরের প্রেমে পড়ল আবার তিন বন্ধু একসঙ্গে অন্য একজনের প্রেমে পড়ল। নাম তার অন্তরা, বাড়ির সবাই ডাকে তরু বলে। এই মেয়েটিকে ঘিরেই সারাক্ষণ তিন বন্ধুর নানারকম জল্পনা-কল্পনা, কথাবার্তা, ভাবনা ইত্যাদি। তাদের কাছে মেয়েটির নাম হয়ে যায় ‘মোনালিসা’। এই মোনালিসাকে ঘিরে তিন বন্ধুর ঘটনা এগিয়ে চলে। সেইসঙ্গে উঠে বিয়োগান্ত প্রেম কাহিনী।