ব্যাটিং এপ্রোচ নিয়ে প্রশ্ন ‘না’ করতে বললেন তামিম

ক্যারিয়ারের শুরু থেকেই বেশ আগ্রাসী মনোভাবে ব্যাট করতে থাকেন বাংলাদেশি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। একসময় তার নামের আগে সমর্থকরা ‘বুম বুম’ উপাধিও দিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সেই এপ্রোচ পুরোপুরি বদলে ফেলেন তিনি। বনে যান পুরোদস্তুর ঠান্ডা মেজাজি খেলোয়াড়। এর ফলও পান। তবে স্টাইক রেট অনেকটা কমে যাওয়ায় সমর্থক ও বিশ্লেষকদের কাছ থেকে সমালোচনাও শুনতে হয়েছে। সেটি নিয়ে বারবার প্রশ্ন করায় এবার বেশ বিরক্তি প্রকাশ করলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। বলে দিয়েছেন, যেন এ বিষয়ে আর প্রশ্ন না করা হয়।

আজ শুক্রবার (২১ মে) আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ব্যাটিং এপ্রোচ নিয়ে বিভিন্ন সময় অনেক কথাই বলেছি। এটা নিয়ে প্রশ্ন কখনো থামছে না, বরং আসতেই থাকে। গত চার-পাঁচ বছর যে এপ্রোচে খেলেছি, এই সিরিজেও একইভাবে খেলবো। কারণ, এতে আমি বেশ সফল হয়েছি।

এটা নিয়ে ভবিষ্যতে আর কিছু বলার নেই জানিয়ে তিনি বলেন, ‘অনেক বলেছি, আর নয়। তাই আমার অনুরোধ থাকবে বিষয়টি নিয়ে কেউ আর আমাকে প্রশ্ন করবেন না।’

সাম্প্রতিক সময়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের উইকেট কিপিং নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এ নিয়েও কথা বলেছেন টাইগার দলপতি। জানিয়েছেন, এই সিরিজেও মুশফিকের হাতে গ্লাভস থাকছে। স্পষ্টতই জানিয়ে দিলেন, তার ওপর টিম ম্যানেজমেন্টেরও পূর্ণ আস্থা আছে। বলেন, বন্ধুর (মুশফিক) কিপিং নিয়ে তিনি খুশি। তাছাড়া ক্যাচ মিস বা সুযোগ মিস খেলার স্বাভাবিক অংশ।

ইত্তেফাক/টিএ