বাংলাদেশ সফরে আসা কুশল পেরেরার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দলে নেই এক ঝাঁক সিনিয়র ক্রিকেটার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় ম্যাথুস, চান্দিমালরা বাদ পড়ায় লঙ্কানদের দলটা এখন তুলনামূলকভাবে অনভিজ্ঞই বটে। তিন ম্যাচের সিরিজ খেলতে আসা লঙ্কানদের সবাই মিলে খেলেছেন ৪২৫ ওয়ানডে।
অন্যদিকে বাংলাদেশ হোম সিরিজটা খেলবে পূর্ণশক্তির দল নিয়ে। বাংলাদেশের চার সিনিয়র ক্রিকেটারের ওয়ানডে ম্যাচের সংখ্যাই শ্রীলঙ্কার পুরো স্কোয়াডের তুলনায় প্রায় দ্বিগুণ। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ মিলে খেলেছেন ৮৪০ ওয়ানডে। বাংলাদেশের পুরো স্কোয়াডে আছে ১ হাজার ১৮৩ ওয়ানডে খেলার অভিজ্ঞতা।
আগামীকাল শুরু হতে চলা ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের অভিজ্ঞতার স্বরূপ তুলে ধরতে চায় বাংলাদেশ। দুই দলের মধ্যে বিরাজমান অভিজ্ঞতার ব্যবধান মাঠে প্রমাণের আশা করছে টাইগাররা। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম বলেছেন, ওয়ানডে ম্যাচে অভিজ্ঞতা অনেক কাজে লাগে। মাঠে তেমন পরিস্থিতি তৈরি করতে চান। সিরিজ জিততে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বলেই উল্লেখ করেছেন বাংলাদেশের অধিনায়ক।
দুই দলের মধ্যে অভিজ্ঞতার পার্থক্য সম্পর্কে তামিম বলেছেন, ‘ক্রিকেটে অবশ্যই অভিজ্ঞতা ভূমিকা রাখে। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কেমন খেলছেন, পরিকল্পনার পূর্ণতা কেমন দিতে পারছেন। শ্রীলঙ্কা যে দলটা এসেছে কমবেশি ওদের সঙ্গে আমরা আন্তর্জাতিক বা ঘরোয়ায় খেলেছি। তারা খুবই ভালো দল, ভালো ক্রিকেটার। এটা আমরা সবাই জানি।’
তিনি আরো বলেন, ‘শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে জানি আমাদের যদি তাদের বিপক্ষে জিততে হয় এবং সিরিজ জিততে হয় তবে খুবই ভালো খেলতে হবে। অভিজ্ঞতা অবশ্যই একটা বিষয়, ওয়ানডে ক্রিকেটে এমন কিছু মুহূর্ত আসে যখন অভিজ্ঞতা কাজে লাগে। কিন্তু তার জন্য আমাদের সেই পরিস্থিতি তৈরি করতে হবে। যদি এসব তৈরি করতে না পারি তাহলে যতই অভিজ্ঞ থাকি কোনো কাজে আসবে না।’
ঝলক দেখালেও লিটন দাস, সৌম্য সরকারের ব্যাটে ধারাবাহিকতার বড্ড অভাব। হোম সিরিজে দুই ব্যাটসম্যানের কাছে বড় প্রত্যাশা অধিনায়কের। বলেছেন, ‘আমি অবশ্যই বলব যে, আমার আশা তারা এ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমার ধারণা, এ দুজনের অনেক বেশি সম্ভাবনা আছে, তাদেরকে এখন ডেলিভার করতে হবে। এটাও বলছি না, তারা কিছু করে নাই, কিছু তো করেছেই। তবে তাদের কাছ থেকে যদি আরো বড় কিছু আসে, এটা দলের জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না।’
ইত্তেফাক/এসআই