সংযুক্ত আরব আমিরাতে ‘বাংলা টিভির’ ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈশ্বিক এই মহামারীর মধ্যে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘বাংলা টিভি’ পদার্পণ করেছে ৫ বর্ষে।
করোনা মহামারীর কারণে অনেক সীমিত পরিসরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাত বাংলা টিভি দর্শক ফোরাম নিয়ে দুবাই আল্ আবির কেবিএন রেস্টুরেন্টের হলরুমে বাংলা টিভির পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুটি পর্বে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিলো কেক কাটা ও শুভেচ্ছা প্রদান এবং দ্বিতীয় পর্বে ছিলো নৈশ ভোজ। আগত অতিথিদেরকে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাংলা টিভির দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি।
জান্নাতুল ফেরদৌস সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন, দুবাই আল আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান, দুবাই আল আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ইয়াকুব সৈনিক, বাংলাদেশ সমিতি শারজাহ্ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাজাহারুল মিয়া, আজমান বিসনেসমেন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মো. জাকির হাসান, বিশিষ্ট কমিউনিটি ক্রীড়াব্যক্তিত্ব হাবিবুর রহমান, আজিজুল ইসলাম কিরণ। গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম তালুকদার একুশে টিভি, সিরাজুল হক এস এ টিভি, ইশতিয়াক আসিফ সিপ্লাস, সোহেল নতুন সময়, জাহিদ সিএনএন বাংলাদেশসহ আরও অনেকে। অনুষ্ঠানে আগত অতিথিরা বাংলা টিভি পঞ্চম বর্ষ পদার্পণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ইত্তেফাক/এমআর