মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে বিপদে পড়েছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত লঙ্কানদের ৬ উইকেটের মধ্যে ৪টিই নিয়েছেন মিরাজ। তিনি দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, অ্যাসেন বান্দারা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফেরান।
আজকের এই ম্যাচের মধ্যদিয়ে ওয়ানডে ক্যারিয়ারে অর্ধশতক উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মিরাজ। তিনি ১০ ওভার বল করে ৩০ রান দিয়ে চার উইকেট পেয়েছেন। এই ম্যাচের আগে ছিল ৪৭ ম্যাচে ৪৭ উইকেট। ৪৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫১।
রবিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার বলে প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন লিটন দাস। লিটনের বিদায়ের পর বাজে শটে আউট হন সাকিব আল হাসান। লং অনে ক্যাচ দেন ৩৪ বলে ১৫ রান করা সাকিব। ধনাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ৭০ বলে ৫২ রান করেন তামিম। তার আউট হওয়ার পর মাঠে এসে প্রথম বলে শূন্য রানে আউট হন মোহাম্মদ মিথুন। এর পর মুশফিকুর রহিম ৮৭ বলে ৮৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এদিন ইসুরু উদানার বলে ওয়াইড লং অফ দিয়ে ডাবলস নিয়ে ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফিফ হোসেন ২৭ ও সাইফুদ্দিন ১৩ রানে অপরাজিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি