করোনাভাইরাসের টিকায় বিষ মেশানো রয়েছে। টিকা নিলেই নাকি মৃত্যু হবে। যার কারণে এর থেকে রক্ষায় নদীতে ঝাঁপ দিচ্ছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারাবনকি গ্রামে।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, টিকা বিষ মেশানো আছে বলে সাবধান করেছেন কয়েকজন গ্রামবাসী। এতে হতে পারে করুণ মৃত্যু।
ওই গ্রামে গত কয়েকদিন ধরে করোনার টিকা নিয়ে প্রচার চালায় স্থানীয় প্রশাসন। কিন্তু তারপরও মাত্র ১৪ জন মানুষ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন। এরপর স্বাস্থ্যকর্মীরা সিদ্ধান্ত নেন তারা নিজেরাই গ্রামে গিয়ে টিকা দেবেন। পরিকল্পনা অনুযায়ী গত শনিবার টিকা নিয়ে চলে যান গ্রামে। সেখানে কথা কাটাকাটি হয় গ্রামবাসীদের সঙ্গে।
স্বাস্থ্যকর্মীরা গ্রামবাসীদের বুঝানোর পরও কেউ রাজি হয়নি টিকা নিতে। অনেকেই ইনজেকশন নেওয়ার ভয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সরযূ নদীতে ঝাঁপ দেন। ঘণ্টার পর ঘণ্টা কোমর পানিতে দাঁড়িয়ে থাকেন।
করোনার টিকা নিয়ে এত ভয় কেন, এমন প্রশ্নের জবাবে গ্রামবাসীরা দাবি করেন, কয়েকজন সাবধান করেছেন তাদের। টিকায় নাকি বিষ মেশানো রয়েছে। টিকা নিলেই মৃত্যু নাকি অনিবার্য! তাই তো জীবন রক্ষায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে সবাই।
এ বিষয়ে ওই এলাকার ম্যাজিস্ট্রেট রাজীব কুমার শুক্লা জানিয়েছেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। করোনার টিকার বিষয়ে জনসচেনতনামূলক প্রচার থাকার পরও মানুষজন ভয় পাচ্ছেন। কেউই টিকা নিতে চাইছেন না।
ইত্তেফাক/টিআর