পশ্চিমবঙ্গে ৩ কারখানায় আগুন, নেভাতে এলো ‘রোবট ওয়ারিয়র’

ভারতের পশ্চিমবঙ্গে একটি গেঞ্জির কারখানায় লাগা আগুন পাশের ওষুধ এবং রঙের কারখানায়ও ছড়িয়ে পড়েছে। নিউ ব্যারাকপুরের এ দুর্ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ‘রোবট ওয়ারিয়র’ নামের এক যন্ত্র ব্যবহার করছে দমকল বাহিনী। বৃহস্পতিবার (২৭ মে) ভোর রাতে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে উল্লেখ করেছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘রোবট ওয়ারিয়র’ এর ধাতব দেহে তাপ সহ্য করার ক্ষমতা বেশি। যন্ত্রের দৌলতে হোস পাইপে পানি ছড়ানোর ক্ষিপ্রতাও বেশি। দমকল বাহিনী জানিয়েছে, ওষুধের গুদামে প্রচুর স্যানিটাইজার মজুত করা ছিল। রঙের কারখানায় রাখা ছিল ডিজেল। এছাড়া বেশকিছু সিলিন্ডারও মজুত করা ছিল বলে অনুমান দমকল কর্মীদের। আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে শেষে রোবট বা স্বয়ংক্রিয় গাড়ির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

বৃহস্পতিবার সকালে নিউ ব্যারাক পুরের ওই এলাকা পরিদর্শনে আসেন দমকলমন্ত্রী সুজিত বসুও। স্থানীয় সূত্রে খবর, কারখানার ভিতরে ৪ জন শ্রমিক আটকে রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের খবর জানা যায়নি। ১০ ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

ইত্তেফাক/এসএ