দোকানকর্মীকে স্ত্রী’র চড়, দ. কোরিয়ায় পদ হারালেন বেলজিয়ান রাষ্ট্রদূত

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ান রাষ্ট্রদূত তার পদ হারাচ্ছেন। তার স্ত্রী সেখানকার এক দোকানকর্মীকে চড় মেরেছিলেন। ঘটনাটি ঘটেছিল গত ৯ এপ্রিল। সম্প্রতি প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানকর্মীকে চড় মারছেন রাষ্ট্রদূত পিটার লেসোয়ারের স্ত্রী শিয়াং শুয়েকিউ। ঘটনার পর রাষ্ট্রদূতের স্ত্রী ক্ষমাও চেয়েছিলেন। তবু শেষরক্ষা হলো না। সোমবার (৩১ মে) এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, শিয়াং প্রায় এক ঘণ্টা দোকানের ভেতর ঘোরাফেরা করেন এবং একাধিক কাপড় ‘ট্রায়াল’ দেন। এরপর তিনি বেরিয়ে যাওয়ার সময় দোকানের এক কর্মী তাকে অনুসরণ করেন। ওই সময় শিয়াং যে পোশাকটি পরে ছিলেন, সেটিও একই দোকানেরই পণ্য থাকায় কর্মীরা নিশ্চিত হতে চাচ্ছিলেন, পোশাকটি নতুন নেয়া বা এর দাম পরিশোধ করা হয়েছে কি না। এসময় অন্য এক কর্মী কথা বলতে এলে শিয়াং রেগে গিয়ে তাকে চড় মারেন।

বেলজিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় শিয়াং শুয়েকিউ পরে ওই দোকানকর্মীর সঙ্গে দেখা করে তার ‘অগ্রহণযোগ্য আচরণ’-এর কারণে ক্ষমা চেয়েছেন। কিন্তু এরপরও এমন একটি ঘটনার পর পিটার লেসোয়ারকে আর ওই দেশে রাষ্ট্রদূত হিসেবে রাখা ঠিক হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী।

ইত্তেফাক/এসএ