প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গোমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

 

আমাদের মুক্তিযুদ্ধ

 

সুপ্রিয় বন্ধুরা, এবছর তোমরা প্রথম পাবলিক পরীক্ষা দেবে। পূর্বে তোমাদের বড় ভাই বোনেরা এরকম পাবলিক পরীক্ষা দিয়েছে। এটি খুব আনন্দের সারাদেশের সকল বন্ধুরা একই সঙ্গে পরীক্ষা হলে যাবে। মনে রাখবে সেটি কোনো কঠিন পরীক্ষা নয় সারাবছর যা তোমরা পড়বে শিক্ষক যা পড়াবেন তা থেকেই প্রশ্ন হবে। তাই নিয়মিত একটু একটু করে পড়ে যাও দেখবে খুবই আনন্দের সহিত পরীক্ষা দিতে পারছো।

 

১.এমন পাঁচটি ঘটনার কথা লেখ যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল।

উত্তর : ১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন;

২. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন;

৩. ১৯৬৯ সালের গণঅভ্যুথান;

৪. ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়;

৫. ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা।

২.আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল ?                                      

উত্তর : আজ থেকে ৪৮ বছর পূর্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল।

৩.মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?     

উত্তর : মুক্তিযুদ্ধে সাহসিকতা এবং ত্যাগের জন্য চারটি রাষ্ট্রীয় উপাধি দেয়া হয়েছে। উপাধিগুলো হলো —

বীর-শ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর-বিক্রম, বীর-প্রতীক।

৪.১৯৭১ সাল বাঙালি জাতীর ইতিহাসে অত্যন্ত গৌরবময় কেন?

উত্তর : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। তাই ১৯৭১ সাল বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গৌরবময়।

৫.কখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?

উত্তর : ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।

৬.কখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়?

উত্তর : পশ্চিম পাকিস্তানের শাসন ও শোষণ থেকে চুড়ান্ত মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ।

৭.মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা কে?

উত্তর : মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৮.কখন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়?

উত্তর : ১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত।

৯.মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

উত্তর : মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত।

১০.মুজিবনগর সরকার কখন, কোথায় শপথ গ্রহণ করে?                             

উত্তর : মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে শপথ গ্রহণ করে।

১১.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন?

উত্তর : মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাজউদ্দীন আহমদ।

১২. মুক্তিবাহিনী কার উদ্যোগে কত সালে গঠন করা  হয়?

উত্তর : মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকারের উদ্যোগে ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।