তথ্যপ্রযুক্তি ডেস্ক
কিছুদিন পর পরই জিমেইলে আসে নিরাপত্তাজনিত ফিচার। ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিমেইলের অবস্থান সবার উপরে। সম্প্রতি মেশিন লার্নিং পাওয়ার্ড ফিচার আনতে জিমেইলের ডেস্কটপ সংস্করণকে সম্পূর্ণরূপে ঢেলে সাজিয়েছে গুগল। এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইসের জন্যও নতুন আঙ্গিকে আসছে জিমেইল অ্যাপ। গত মঙ্গলবার থেকে ‘ম্যাটেরিয়াল থিমভিত্তিক’ এ আপডেট দিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটিতে থাকছে আগের চেয়ে পরিচ্ছন্ন নকশা। নতুন সংস্করণে কাস্টম গুগলস ফন্ট ব্যবহার করা হয়েছে। অ্যাকাউন্ট পরিবর্তনের বাটনটি সরানো হয়েছে উপরে ডান দিকে সার্চ বারের মধ্যে।
এবারে সংস্করণে জিমেইলের সার্চ বারটিই হবে অ্যাপের মূল নেভিগেশন বাটন। এতে বসানো হয়েছে হ্যামবার্গার মেনু ও অ্যাকাউন্ট সুইচার বাটন। আগের মতোই ‘ফ্লোটিং অ্যাকশন বাটন’ রাখা হয়েছে নিচে ডান দিকে। যোগ করা হয়েছে নতুন কিছু ফিচার। ইনবক্সে ই-মেইলগুলোর মধ্যে জায়গা কমবেশি করতে ডিফল্ট, কমফোর্টেবল ও কম্প্যাক্ট ভিউ আনা হয়েছে। ডিফল্ট ভিউয়ে বাড়তি সাদা জায়গা রাখা হয়েছে এবং ই-মেইল অ্যাটাচমেন্টে সরাসরি ক্লিক করতে পারবেন গ্রাহক। অন্যদিকে কমফোর্টেবল ভিউ অনেকটা বর্তমান জিমেইল অ্যাপের মতোই। তবে বাহ্যিক নকশায় কিছুটা পরিবর্তন দেখা যাবে।
এ বিষয় সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করেছে গুগল। এতে বলা হয়েছে, গত মঙ্গলবার থেকেই অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য জিমেইলের নতুন আপডেট দেওয়া শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে আইওএস ডিভাইসের জন্য আপডেট চালু হবে।
সূত্র: ৯টু৫গুগল