ডেভিস কাপের স্পন্সর লা লিগা

স্পেনের ধনাঢ্য ফুটবল সংগঠন লা লিগা আগামী চার বছরের জন্য টেনিসের বিশ্বকাপ হিসেবে পরিচিত ডেভিস কাপের পৃষ্ঠপোষক হলো। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। তবে এটা কি পরিমাণ অর্থের বিনিময়ে তা প্রকাশ করা হয়নি। ১৯০০ সালে প্রতিষ্ঠিত ডেভিস কাপ হলো ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন দেশের যে প্রতিযোগিতাগুলো হয়, তার মধ্যে সবচাইতে বড়। কিন্তু অনেক বড় খেলোয়াড়রা এই প্রতিযোগিতা ত্যাগ করায় ডেভিস কাপ দর্শক হারাতে থাকে। টুর্নামেন্টটিতে প্রাণ ফেরাতে টেনিসের বিশ্ব সংস্থা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) কসমস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে ৩০০ কোটি ডলারে ২৫ বছরের জন্য চুক্তি করেছে। এই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার আবার বার্সেলোনা ফুটবলার জেরার্ড পিকে।