আজ নোয়াখালীতে নামছে শেখ জামাল

ঢাকায় খেলবে

আবাহনী

 স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের বিরতি কাটিয়ে আজ আবার মাঠে নামছে ফুটবল দল। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে এবং নোয়াখালীতে শহীদ ভুলু স্টেডিয়ামে বিকাল ৩টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে বিজেএমসির বিপক্ষে।

নীলফামারীতে বসুন্ধরা কিংসের বিপক্ষে বড় হারের পর আবাহনী ২-০ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে খেলায় ফিরেছে। তবে তাদের মধ্যে আশংকা রয়েছে। কারণ ট্রফি জয়ের অভিযানে নেমে ৩ পয়েন্ট হারিয়ে আবাহনীর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কিভাবে আবাহনী ৩ পয়েন্টের ক্ষতি পূরণ করবে তা বলা কঠিন। আবাহনী এবং বসুন্ধরা, দুই দলই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করছে। মুক্তিযোদ্ধাকে হারানোর পর আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমস জানিয়েছিলেন তারা খেলায় পরিবর্তন আনছেন। নতুন কৌশল কাজে লাগাতে চান। এভাবে হেরে গেলে আবাহনীর জন্য কঠিন হয়ে যাবে পথচলা। আজকে রহমতগঞ্জ ছাড়াও লিগের যে কটি খেলা রয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে নতুনভাবে চাঙ্গা করতে চান স্প্যানিশ কোচ লেমস।

খুব খারাপ অবস্থায় রয়েছে লিগের বর্তমান রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৩ দলের মধ্যে শেখ জামালের অবস্থান এখন ১২ নম্বরে। ৩ ম্যাচ খেলে এখনও জয় পায়নি শেখ জামাল। প্রথম খেলায় বসুন্ধরা কিংস এবং পরের খেলায় মুক্তিযোদ্ধার কাছে হেরেছে। ঢাকায় রহমতগঞ্জের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ১ পয়েন্ট পেয়েছে। এই মাচে জেতার অনেক বড় সুযোগ হাতে পেয়েও নিজেদের ভুল আর নিজেদের দোষেই জয় পায়নি শেখ জামাল। শেখ জামালের সঙ্গে সম্পৃক্ত তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু দলের কিছু কিছু ফুটবলারের খেলা দেখে খুবই নাখোশ। এমন কিছু ভুল করে বসে যা দেখে তিনি প্রেসবক্সে বসে ক্ষুব্দ হয়ে ওঠেন। শিশুরাও এমন ভুল করবে না তার একাধিক ডিফেন্ডার যেভাবে রহমতগঞ্জকে গোল উপহার দিয়েছেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাব কোচ কর্মকর্তারা মহা টেনশনে রয়েছেন বলে জানিয়েছেন শেখ জামালের ফুটবল ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। নোয়াখালী হতে কাল ফোনে হেলাল জানিয়েছেন অতিরিক্তি প্রশিক্ষণের কারণে শেখ জামালের এই দুরবস্থা। এটা ঠিক হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমাদের আর্জেন্টাইন কোলম্যান তার দেশ থেকে দিয়েগো রোজাসকে এনেছিলেন। সে খুব বেশি চাপ দিয়ে ফেলেছে। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ে। ইউরোপীয় আদলে ফিটনেস আনতে গিয়ে ফুটবলারদের চাপ দিয়ে ফেলেছে। ম্যাচের আগের দিন আড়াই ঘণ্টা অনুশীলন করিয়েছে। ক্লান্ত শরীরে খেলতে নামলে রেজাল্ট পাবে কিভাবে। আমরা প্রশিক্ষণের ধরন পরিবর্তন করেছি। ট্রেনিং কমিয়ে দিয়েছি। সুফল পাবো আশাকরি।’

হেলাল তার ফুটবল ক্যারিয়ারে ৩০ বছর আগে নোয়াখালীর এই স্টেডিয়ামে মোহামেডান, ব্রাদার্সের জার্সি গায়ে খেলেছেন। ৩০ বছর পর সেখানে গিয়ে মাঠ দেখে মুগ্ধ হেলাল জানালেন অল্প সময়ে খুব সুন্দর মাঠ হয়েছে। পুরোন সব সংগঠকদের সঙ্গেও দেখা হচ্ছে। সব কিছু আরো বেশি ভালো লাগবে আজ যদি বিজেএমসিকে হারিয়ে ৩ পয়েন্ট পাওয়া যায়।   

পয়েন্ট টেবিল

                             খেলা       জয়       ড্র         হার       গোল         পয়েন্ট

বসুন্ধরা কিংস            ৩           ৩         ০         ০          ৬/০          ৯

আরামবাগ                ৩           ২          ০         ১          ৫/২          ৬

শেখ রাসেল              ২            ২          ০         ০          ৪/২          ৬

সাইফ স্পোর্টিং          ৩           ২          ০         ১          ৩/২          ৬

আবাহনী                  ৩           ২          ০         ১          ৪/৪         ৬

চট্টগ্রাম আবাহনী        ৩           ১          ২          ০          ২/১          ৫

ব্রাদার্স ইউনিয়ন         ২            ১          ০         ১          ৩/৩         ৩

মুক্তিযোদ্ধা               ৩           ১          ০         ২          ৩/৩         ৩

মোহামেডান              ৩           ১          ০         ২          ৩/৬          ৩

রহমতগঞ্জ                 ৩           ০         ২          ১          ৪/৫         ২

বিজেএমসি              ৩           ০         ১          ২          ১/৩          ১

শেখ জামাল              ৩           ০         ১          ২          ২/৬          ১

নোফেল ক্লাব            ২            ০         ১          ২          ২/৬          ১