শেষটা ভাল চায় দু’দলই

ভারত-নিউজিল্যান্ড শেষ ওয়ানডে কাল

 স্পোর্টস ডেস্ক

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। জয় দিয়ে সিরিজ করাই মূল লক্ষ্য দু’দলের। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে ভারত। চতুর্থ ম্যাচে দুর্দান্ত এক জয়ে সিরিজে ব্যবধান কমায় নিউজিল্যান্ড। তবে সিরিজের শেষ ম্যাচে জয় চাইছে দু’দল। ওয়েলিংটনে বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে ম্যাচটি।

সিরিজের শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স করে ভারত। তাই প্রথম ম্যাচ জিততে মোটেও সমস্যা হয়নি তাদের। প্রথম ম্যাচে লড়াইয়ের ছিটেফোটাও দেখাতে পারেনি নিউজিল্যান্ড। তাই হেসেখেলেই ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত। নিউজিল্যান্ডে আসার আগে অস্ট্রেলিয়া সফর করেছিলো ভারত। সেখান থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয় করে এসেছিলো বিরাট কোহলির দল। সেই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের মাটিতেও দাপট দেখায় ভারত।

সিরিজের প্রথম তিনটি ওয়ানডে যথাক্রমে ৮ উইকেটে, ৯০ রানে ও ৭ উইকেটে জিতে ভারত। তাই দু’ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নেয় ভারত। সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বপ্ন বুনে ভারত। কিন্তু ভারতের স্বপ্ন চুরমার করে দিয়েছে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে নিউজিল্যান্ড। বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের তোপের মুখে অসহায় আত্মসমর্পণ করে ভারতের ব্যাটসম্যানরা। মাত্র ৯২ রানেই অলআউট হয় ভারত। ২১ রানে ৫ উইকেট নেন বোল্ট। এরপর ৯৩ রানের সহজ টার্গেট ৮ উইকেট ও ২১২ বল বাকি রেখে স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। সিরিজে প্রথম জয়ে পুরনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কিউইরা। তাই সিরিজের শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

উইলিয়ামসন বলেন, ‘চতুর্থ ম্যাচের জয়টি সত্যিই অসাধারণ ছিলো। বোল্ট দারুণ বল করেছে। পাশাপাশি কলিন ডি গ্র্যান্ডহোমও। এমন জয়ে আমরা এখন আত্মবিশ্বাসী। আমরা জানি ভালো করার সামর্থ্য দলের রয়েছে। আশা করবো ভালো খেলার ধারাবাহিকতা সিরিজের শেষ ম্যাচেও অব্যাহত থাকবে।’

অন্য.দিকে হোয়াইটওয়াশের স্বপ্ন শেষ হয়ে গেলেও, সিরিজের শেষ ম্যাচে জয় চাইছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা, ‘চতুর্থ ম্যাচে আমাদের পারফরমেন্স ভালো হয়নি। ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা হতাশার। একসাথে সবাই খারাপ করেছি। ঐ স্মৃতি নিয়ে আমরা ভাবছি না। আমাদের এখন লক্ষ্য ভালোভাবে সিরিজ শেষ করা। এজন্য সিরিজের শেষ ম্যাচে জয় পেতে চাই আমরা।’ - বাসস/ক্রিকবাজ