সড়ক অবরোধ
নাটোর প্রতিনিধি
নাটোরের ছাতনী ইউপি মেম্বার এমদাদুল হকের ছেলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা জামিল হোসেন মিলন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রশাসনের পরিচয়ে সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার সড়ক অবরোধ ও শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেছেন তার নেতা-কর্মী ও এলাকাবাসী। তবে প্রশাসনের পক্ষ থেকে সাদা পোশাকে তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
মিলনের বাবা শহরের তালতলা হাফরাস্তা এলাকার এমদাদুুল হক বলেন, বৃহস্পতিবার রাতে মিলনকে মাইক্রোযোগে প্রশাসনের পরিচয়ে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। এরপরই তিনি থানা ও র্যাবের অফিসে যোগাযোগ করেও তার ছেলের কোনো খোঁজ পাননি। পরে তাকে সাধারণ ডাইরি করার পরামর্শ দেওয়া হলেও তিনি রাতে ও সকালে গিয়েও জিডি করতে পারেননি।
মিলন নিখোঁজের খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী সকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা নাটোর প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে রাখে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, মিলনকে কে বা কারা তুলে নিয়ে গেছে তা তারা জানেন না। তবে খবর পাওয়ার পরে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।