আগৈলঝাড়ায় শ্যালো মেশিন থেকে বের হচ্ছে গ্যাস

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় ইরি ব্লকের সেচ পাম্পের শ্যালো থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্স ও পেট্রো বাংলাকে পরীক্ষা-নিরীক্ষা ও গ্যাস অনুসন্ধানের জন্য পত্র দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে সরেজমিনে উপজেলার গৈলা ইউনিয়নের বড়ইতলা গ্রামে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের ইদ্রিস সরদারের বাড়ির পশ্চিম পাশে ইরি ব্লকে পানি সেচ দেওয়ার জন্য শ্যালো সেচ পাম্প স্থাপন করেন ব্লক ম্যানেজার স্থানীয় বাবুল সরদারসহ অপর তিন ব্লক ম্যানেজার। ১২০ ফুট গভীরে খননের পর থেকে সেচ পাম্পে পানি তোলার জন্য শ্যালো মেশিন স্টার্ট করলে সেখানে পানির সাথে গন্ধ বের হতে শুরু করে। মেশিনে পর্যাপ্ত পানি না ওঠায় ও চারপাশে গন্ধের কারণে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে সেচ পাম্পের পানির সঙ্গে আগুন ধরলে আগুন জ্বলে ওঠায় সেখানে গ্যাসের অবস্থান নিশ্চিত হন উপস্থিত লোকজন। পানির সঙ্গে গ্যাস উদ্গীরণের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সেখানে উত্সুক জনতা ভিড় জমালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।