বিয়ের অনুষ্ঠানের শুরুতে কনে মারা যাওয়ায় দুই পরিবারের সম্মতিতে তারই ছোটবোনকে বিয়ে করলেন এক যুবক। গত বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের শামসপুরা গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউজ ১৮।
জানা যায়, নিজের বিয়ের অনুষ্ঠানে মালা বদলের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সুরভি নামের ওই কনে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে এক চিকিৎসক এসে কনেকে মৃত ঘোষণা করেন। পরে উভয় পরিবারের সম্মতিতে কনের মৃতদেহ পাশের ঘরে রেখেই ছোট বোনের সঙ্গে বিয়ে হয় মঙ্গেশ কুমার নামে ওই যুবকের।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুরভির ভাই জানান, এমন সময় আমাদের কি করার সেটা বুঝে উঠতে পারছিলাম না। যখন দুই পরিবার সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে, তখন কেউ একজন আমার ছোটবোন নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ের পরামর্শ দিয়েছিল। পরে এই বিষয়ে দুই পরিবার আলোচনা করে এবং সম্মত হয়।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি জানান, এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত ছিল। বড় বোনের মৃতদেহ পাশের ঘরে রেখে ছোটবোন কনের পিঁড়িতে বসেছিল। তবে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষের সঙ্গে সঙ্গে সুরভির মৃতদেহের সৎকার করা হয়েছিল।
ইত্তেফাক/জেডএইচডি