উপজেলা পরিষদ নির্বাচন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের লক্ষ্যে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আহ্বানে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শুক্রবার স্থানীয় ডাকবাংলোতে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। অপরদিকে স্থানীয় এমপি সমর্থিত অংশের অপর সভা বৃহস্পতিবার স্থানীয় ডাকবাংলোতে অনুষ্ঠিত হয়েছে। দুটি সভায়ই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। সভায় চেয়ারম্যান পদে তিনজনের নাম চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবারের সভা সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো বলেন, ওটা কোনো সংগঠনিক সভা নয়। তারা আসতে পারতো। প্রস্তাব দিতে পারতো। যদি তাদের প্রস্তাব না মানা হতো, তাহলে তারা বলতে পারতো। কারো মনগড়া সিদ্ধান্তে বা কারো আদেশ নির্দেশে দল চলে না। অপরদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম। এসএম নজরুল ইসলাম সভা আহ্বান করার বিষয়ে জানান, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত নেই। তাছাড়া তাদেরকে আমরা আগেই বর্জন করেছি।