পটুয়াখালীতে মেয়র পদে সাত প্রার্থী

কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ৬৮ জনের মনোনয়ন দাখিল

পটুয়াখালী প্রতিনিধি

আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মেয়র পদে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১৩ জন ও সাধারণ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

পটুয়াখালী জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান (শাহ আলম), জেলা যুবলীগের আহবায়ক মোঃ আরিফুজ্জামান, সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক কাজী আলমগীর, পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ ও জেলা যুবলীগ সদস্য মোঃ হাফিজুর রহমান।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩ ওয়ার্ডে সাতজন প্রার্থী, ৪, ৫ ও ৬ ওয়ার্ডে তিনজন, ৭, ৮ ও ৯ ওয়ার্ডে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সাতজন, ২নং ওয়ার্ডে চারজন, ৩নং ওয়ার্ডে পাঁচজন, ৪নং ওয়ার্ডে ১২জন, ৫নং ওয়ার্ডে সাতজন, ৬নং ওয়ার্ডে দুইজন, ৭নং ওয়ার্ডে সাতজন, ৮নং ওয়ার্ডে চারজন এবং ৯নং ওয়ার্ডে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রহমান খলিফা জানান, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি, ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভার ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।