রাজিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ!

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে রোগী কল্যাণের চেক প্রদান, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার নতুন নামে এবং মৃত ব্যক্তির ভাতার নামের পরিবর্তনের ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে। নাছিমা বেগম ও মোহনগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য রেফাজ উদ্দিন নামের দুই ব্যক্তি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চররাজিবপুর কারিগর পাড়া গ্রামের নাছিমা বেগম তার স্বামী ক্যান্সার আক্রান্ত আমিনুল ইসলামের চিকিত্সার জন্য সমাজসেবা মন্ত্রণালয়ে আর্থিক সাহায্যের আবেদন করেন। আবেদনের সময় উপজেলা সমাজসেবা অফিসার তার কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেন। অনুদানের চেকগ্রহণের সময় আরো ৫ হাজার টাকা দাবি করেন। ঐ টাকা না দিলে চেক দিতে অস্বীকৃতি জানান ইসমাইল হোসেন। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের মাধ্যমে চেক গ্রহণ করেন নাছিমা। টাকা দিতে অস্বীকৃতি জানালে নাছিমা বেগমকে অশ্লীল ভাষায় গালাগালিসহ নানাভাবে হুমকি দামকি দেন সমাজসেবা অফিসার।

অপর অভিযোগে মোহনগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য রেফাজ উদ্দিন বলেন, ঐ অফিসার মাসে ২/৩ দিন অফিসে উপস্থিত থাকেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার নতুন নামে ৫ হাজার টাকা করে ঘুষ নেয়। মৃত ব্যক্তির বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতায় নাম পরিবর্তনের জন্য ৪ হাজার করে টাকা ঘুষ গ্রহণ করে। রাজিবপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, আমি যে ঘুষ নিয়েছি তার প্রমাণ কি? জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে, তদন্ত হোক তারপর দেখা যাবে। আমি আগে কিছুই বলবো না। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ করেছে জেলা প্রশাসক বরাবর। আমার কাছে অভিযোগ আসলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন বলেন, অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।