টাইট জিন্স পরায় সংসদ থেকে বের করে দেওয়া হলো নারী এমপিকে

আফ্রিকার দেশ তানজানিয়ার জাতীয় সংসদে ঘটে গেলো এক নজিরবিহীন ঘটনা। টাইট জিন্স প্যান্ট পরার অপরাধে দেশটির সংসদ সদস্য হয়েও ছাড় পেলেন না কনডেস্টার সিচওয়াল নামে এক নারী।

ভারতীয় গণমাধ্যম উইওনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, স্পিকার জব দুগাই টাইট জিন্স পরে আসায় ওই নারী সাংসদকে সংসদ অধিবেশন থেকে সোজা বের করে দেন। নারী সংসদ সদস্য কনডেস্টারকে উদ্দেশ্য করে স্পিকার  বলেন, ‘বেরিয়ে যান, ভালো পোশাক পরে ফের আমাদের সাথে যোগ দেবেন’।

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো কোনো বোনেরা উদ্ভট পোশাক পরেন। তারা আসলে সমাজকে কী বোঝাতে চায়?’ এই অপসংস্কৃতির বিরুদ্ধেই সরব হয়ে ওঠেন তানজানিয়ার স্পিকার।

নারী সংসদ সদস্যদের টাইট জিন্স পরা নিষিদ্ধের বিষয়ে সংসদীয় নিয়মের প্রসঙ্গ টেনে আরেক সংসদ সদস্য হুসাইন ওমর বলেন, ‘সংসদ সমাজেরই প্রতিবিম্ব। তাই এখানে কোনোরকম অশালীনতা গ্রাহ্য করা যায় না।’

ভারত মহাসাগরের তীরে অবস্থিত পূর্ব আফ্রিকার প্রজাতন্ত্র তানজানিয়ায় ৬১ শতাংশ খ্রিষ্টান, ৩৫ শতাংশ মুসলিম এবং বাকিরা ঐতিহ্যগত আফ্রিকান ধর্মের অনুসারী বাস করেন।

ইত্তেফাক/টিআর