সিংড়ায় ছেলের হাতে মা খুন

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামে ছেলে কর্তৃক বৃদ্ধা মা জরিনা বেগমকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে। জরিনা বেগম পুন্ডরী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন ছেলে জিয়ারুল ইসলামকে আটক করা হয়েছে।

প্রতিবেশী জাকির হোসেন জানান, মোহাম্মাদ আলী ৩ ছেলে ও ১ মেয়েকে নিয়ে পুন্ডরী গ্রামে বসবাস করতেন। ২ বছর আগে মোহাম্মাদ আলী মারা যান। বড় ছেলে কাজের জন্য ঢাকায় থাকে। আরেক ছেলে নিখোঁজ, ৮-১০ বছর পর পর বাড়িতে আসে কিছুদিন থেকে আবারো উধাও হয়ে যায়। জিয়ারুল ইসলাম ৫ বছর আগেও স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতো, কলম বাজারে ব্যবসা ছিল। বৃদ্ধা মা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে সংসার চালাতেন। বসতভিটা বা কোনো জমি না থাকায় স্থানীয়দের সহযোগিতায় পুন্ডরী ব্রিজের পাশে গুড়নাই নদীর ধারে খাস জায়গাতে থাকার ব্যবস্থা করে দেয়া হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে মানসিক ভারসাম্যহীন ছেলে জিয়ারুল ইসলামকে আটক করা হয়েছে।