বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
হাকালুকি হাওরে অতিথি পাখি শিকারি চক্রের বিষটোপে এক খামারির ১৫০টি পাতিহাঁস মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার বিকেলে হাকালুকি হাওরের মৌলভীবাজারের বড়লেখা অংশের দুধাই বিলের পাড়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় খামারি সমছুল ইসলাম পাখি শিকারি চক্রের ৬ জনের নামে থানায় অভিযোগ করেন।
জানা গেছে, বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামের বাসিন্দা সমছুল ইসলাম একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে ৫০০টি হাঁসের খামার করেন। বুধবার বিকেলে দুধাই বিলের পাড়ে হঠাত্ দেখতে পান হাঁসগুলো দিগ্বিদিক ছোটাছুটি করছে। এর কিছুক্ষণের মধ্যে দেখতে পান হাঁসগুলো নিস্তেজ হয়ে মারা যাচ্ছে।
খামারি সমছুল ইসলাম বলেন, ‘তালিমপুর ইউনিয়নের খুটাউরা গ্রামের দুদই মিয়া, মনা মিয়া, আনোয়ার হোসেন, ওয়াতির আলী, ছালিক আহমদ, আছাদ উদ্দিনসহ বিশাল একটি বড় সিন্ডিকেট প্রতিদিন হাকালুকি হাওরের বিভিন্ন বিলে ধানের সাথে বিষ মিশিয়ে অতিথি পাখি নিধন করছে। অন্তত এক মাস আগে এসব শিকারিদের আমি বিষটোপ বাধা নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার হাঁসের বিচরণ স্থলে বিষ মিশানো ধান ছিটিয়ে রাখে। এই ধান খেয়ে ১৫০টি হাঁস মারা গেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বৃহস্পতিবার বলেন, ‘হাঁসের মালিক অভিযোগ নিয়ে এসেছিলেন। এর মাঝে স্থানীয় এলাকার মুরব্বিরা হাঁসের মালিককে ক্ষতিপূরণ দেবার আশ্বাস দেন। তাই সমছুল ইসলাম অভিযোগ দেননি।’